চট্টগ্রামের লোহাগাড়ায় স্থানীয় এলাকাবাসী রাসেলস ভাইপার মনে করে প্রায় ৫ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপকে পিটিয়ে মেরেছেন। এই ঘটনা ঘটে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে, চুনতি ইউনিয়নের ডেপুটি পাড়া এলাকায়।
স্থানীয় কৃষি উদ্যোক্তা কাইছার খান সিদ্দিকী জানান, ফয়েজ আহমেদ নামের এক ব্যক্তির বাসার সামনে ছোট একটি মুরগির খামারে সাপটি প্রথমে দেখতে পান এক যুবক। তার চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হন এবং ভুল করে সাপটিকে রাসেলস ভাইপার ভেবে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় এবং সাপটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে। পরে বন বিভাগের কর্মকর্তারা এসে নিশ্চিত করেন যে এটি একটি অজগর সাপ।
চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন প্রথম আলোকে জানান, পিটিয়ে মারা সাপটি বার্মিজ গোলবাহার প্রজাতির অজগর। চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যে এ প্রজাতির অজগর রয়েছে এবং সম্ভবত খাবারের খোঁজে অজগরটি লোকালয়ে চলে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক ছড়ানোর কারণে এ ধরনের ঘটনা ঘটছে। বন বিভাগের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচার চালানোর পরিকল্পনা করা হচ্ছে।
